জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, সবকিছু যদি দলীয়করণের ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে বিএনপির নাম থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দটি বাদ দেওয়া উচিত।
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে সারজিস আলম বলেন, ‘বিএনপি সরকার সবকিছু দলীয়করণ করছে। সরকারের সুযোগ-সুবিধা শুধু ধানের শীষে ভোট দেওয়া ব্যক্তিদের দেওয়া হচ্ছে, অন্যরা বঞ্চিত হচ্ছেন। সবকিছু যদি দলীয়করণ হয়ে যায়, তাহলে বিএনপির নাম থেকে “জাতীয়তাবাদী” শব্দটি বাদ দেওয়া উচিত। তারা দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে, আর এই প্রতারণার ফল একসময় তাদেরই ভোগ করতে হবে।’
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও বক্তব্য দেন। তিনি বলেন, ‘বাংলাদেশে এখনও অনেক মুজিবপ্রেমী টকশো ও মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন, যারা মনে করেন শেখ হাসিনা দেশে ফিরবেন। কিন্তু তিনি আর ফিরে আসবেন না।’
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
তবে সারজিস আলমের উত্থাপিত অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।