প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগান এবং ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য নিয়ে গত ২ মে শুরু হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসর।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামের মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন। পরে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় ও করমর্দন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রধানমন্ত্রী মাঠে বসে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশিত বর্ণাঢ্য ডিসপ্লেও উপভোগ করেন।
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর যাত্রা শুরু হয়। দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তী সময়ে প্রতিভা বাছাইয়ের মাধ্যমে জাতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।