সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রথম কয়েক মাসে মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, সংবিধান ও বিধি অনুযায়ী দায়িত্ব পালনের সময় রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক সুরক্ষা ভোগ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু অভিযোগ ও বক্তব্য দেওয়া হয়েছে। তবে সরকার এগুলোকে আমলে নেওয়ার মতো কোনো বিষয় হিসেবে দেখছে না। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে এবং সবাই তাদের মতামত প্রকাশের অধিকার রাখেন।
সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন প্রয়োজনীয় সব সুবিধা পাবেন। তার নিরাপত্তার জন্য এসএসএফ, পিজিআরসহ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে নির্ধারিত ব্যবস্থা থাকবে। এছাড়া আইন অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও তিনি পাবেন।