বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্যায় ও জামায়াত একসঙ্গে চলতে পারে না। তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, তাই আমাদেরও ভুলত্রুটি হতে পারে।’
শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের কোনো নেতা বা কর্মীর অন্যায় কিংবা অপরাধ চোখে পড়লে তা জানিয়ে দিতে। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, ভুল-ত্রুটি বা অন্যায় প্রমাণিত হলে আমরা নিজেদের সংশোধন করব।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ধরনের আপস বা ছাড় দেয় না। সৎ ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বক্তব্যের এক পর্যায়ে ডা. শফিকুর রহমান বলেন, মানবজাতির সূচনালগ্ন থেকেই শয়তান মানুষকে বিপথে নেওয়ার চেষ্টা করে আসছে। তাই সব সময় খোদাভীতি ধারণ করে ন্যায় ও সততার পথে অবিচল থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।