মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা একাডেমিক ভবনের লিফটে আটকা পড়া এক শিক্ষার্থী ও তার দুই বছর বয়সী শিশুকন্যাকে নিরাপদে উদ্ধার করেছে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ১৪ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে, কলেজ ভবনের নবম তলায় একটি লিফটে এক নারী ও তার শিশুকন্যা আটকা পড়েছেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে আটকে পড়া লামিয়া আক্তার মিম (২৪) ও তার দুই বছর বয়সী কন্যা মরিয়ম হাসনাইন আরিফাকে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লামিয়া আক্তার মিম সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। কলেজ সূত্রে জানা যায়, ক্লাস শেষে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে লিফটে নিচে নামার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি নবম তলায় আটকে যায়। শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাথমিকভাবে তাদের বের করে আনার চেষ্টা করলেও সফল না হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ও দক্ষতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে মা ও শিশুকে নিরাপদে বের করে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই লিফটটি আটকে যায়। তবে সময়োপযোগী ও পেশাদার উদ্ধার অভিযানের মাধ্যমে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”
বর্তমানে মা ও শিশুকন্যা উভয়েই সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।