সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলনের বাইরে যারা ইসলামের নাম ব্যবহার করে, তাদের ইসলামী দল হিসেবে পরিচয় দেওয়ার শক্তি নেই। ইসলামের নামে বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হন বলেও মন্তব্য করেন তিনি।
বিগত জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইসলামের নামে বিভক্ত রাজনীতি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। একই সঙ্গে ইসলামের নামে যে ধোঁকাবাজি রয়েছে, তা এখন মানুষের কাছে স্পষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রেজাউল করিম বলেন, দেশের মানুষ আর কতদিন স্বজন হারানোর বেদনা বহন করবে। গুলিবিদ্ধ হয়ে মানুষকে রাস্তায় পড়ে থাকতে হওয়ার ঘটনাগুলোও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।
সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পুরোনো কমিটি বিলুপ্ত করে দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহসভাপতি ফারুক আহমেদ মুনশি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা শিব্বির আহমদ দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে মহানগর কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা দ্বীন ইসলাম, সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ এবং সেক্রেটারি মো. সুলতান মাহমুদ।