জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে হলে তরুণদের জামায়াতের রাজনীতি ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে জামায়াতকে ঘিরে জাতীয়ভাবে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, একদিকে সরকারবিরোধী বক্তব্য দেওয়া হলেও অন্যদিকে ভেতরে ইতিবাচক আলোচনা চলছে। তার দাবি, উসকানিমূলক বক্তব্যের কারণে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হতে পারে।
আওয়ামী লীগ প্রসঙ্গে নুর বলেন, দলটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অতীত অধ্যায়। তিনি সরকারের প্রতি আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে দমনের আহ্বান জানান।
গণঅধিকার পরিষদের সভাপতি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে একটি রাজনৈতিক শক্তিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপনেরও অভিযোগ তোলেন তিনি।
তিনি বলেন, বিকল্প রাজনৈতিক শক্তির বিকাশ নিশ্চিত করতে হলে তরুণদের স্বাধীন রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন নুরুল হক নুর।