কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যা ও জাতীয় চেতনায় একটি শক্তিশালী দেশ। অতীতে কোনো আধিপত্যবাদী শক্তি দেশের জনগণের স্বাধীনচেতা মনোভাবকে দমিয়ে রাখতে পারেনি এবং ভবিষ্যতেও তা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা, রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় নিরীহ মানুষের প্রাণহানি ঘটে। তার দাবি, এসব ঘটনার মাধ্যমে তৎকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল। তবে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে সেই চেষ্টা সফল হয়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের মূল শক্তি ছিল ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ। দলীয় পরিচয় ও পেশাগত বিভাজন ভুলে সবাই একদফার আন্দোলনে অংশ নিয়েছিল, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। উভয় সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপি কখনো গুম বা খুনের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না বলেও বক্তব্যে উল্লেখ করেন।