সারাদেশের ন্যায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নে উন্নয়ন, সুশাসন ও জনসম্পৃক্ত প্রশাসনের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. আলী জিন্নাহ।
দলীয় মনোনয়ন পেলে তিনি গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পটুয়াখালী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী আলী জিন্নাহ ছাত্রজীবন থেকেই পটুয়াখালী সরকারি কলেজ ও গলাচিপা উপজেলা ছাত্রদলের রাজনীতির শীর্ষ পর্যায়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
রাজনৈতিক জীবনে নানা সময় হামলা, মামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে সরে যাননি। পরবর্তীতে গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে গলাচিপা উপজেলার আইন-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে স্থানীয়দের দাবি।
আলী জিন্নাহ জানান, তিনি সুশাসন, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গলাচিপা সদর ইউনিয়নের মানুষের সেবক হিসেবে কাজ করতে চান। তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের খোঁজ-খবর নেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, দলীয় সমর্থন পেয়ে নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের প্রতিটি কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হবে। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের মধ্যে যুগ যুগ ধরে যে সম্প্রীতির ঐতিহ্য রয়েছে, তা আরও সুদৃঢ় করতে তিনি কাজ করবেন।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৮ বছরে গলাচিপা সদর ইউনিয়নে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বোয়ালিয়ায় অবস্থিত ইউনিয়ন পরিষদের মূল ভবনটিও বর্তমানে জরাজীর্ণ ও কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে আলী জিন্নাহ বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, কৃষকদের জন্য সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হবে।
বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, খেলাধুলার প্রসার, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে কার্যকর করে মাতৃ ও শিশুসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিজিএফসহ সব ধরনের সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করে সরকারি সহায়তা তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং কমিউনিটি পুলিশিং জোরদারের মাধ্যমে ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হবে।
নারী উন্নয়নের বিষয়ে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের উৎসাহ ও সহায়তা দেওয়া হবে এবং সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মো. আলী জিন্নাহ বলেন, “জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক, স্মার্ট ও ডিজিটাল গলাচিপা সদর ইউনিয়ন গড়ে তুলতে আপনাদের দোয়া, সমর্থন, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”