হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. রবিউল্লাহ।
তিনি জানান, মোহাম্মদপুর থানার দুটি, গুলশান থানার একটি এবং রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান আর এস ফাহিম। জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর শনিবার সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারাগারের বাইরে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে জনতা ও একদল শিক্ষার্থী ফাহিমকে আটক করে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরদিন ৩০ মার্চ মো. ইমরান হত্যা মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পরবর্তীতে মোহাম্মদপুর থানার তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত দুটি মামলায় আবেদন মঞ্জুর করেন এবং একটি আবেদন নামঞ্জুর করেন।
পরে ওই মামলাগুলোতে জামিন পাওয়ার পর রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন। সর্বশেষ ওই মামলায়ও জামিন লাভের পর কারামুক্ত হলেন আর এস ফাহিম।