বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোই তার সফরের মূল উদ্দেশ্য। শুক্রবার চট্টগ্রামের বাঁশখালীর গুনাগরি এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
সফরকালে ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের হাতে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী তুলে দেন। এরপর তিনি কোমরসমান পানি মাড়িয়ে পানিবন্দি বিভিন্ন বাড়িতে গিয়ে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। স্থানীয়দের অনেকেই তার এই উদ্যোগের প্রশংসা করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি এখানে রাজনীতি করতে আসিনি। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুর্ভোগ নিজের চোখে দেখতে এসেছি।” তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত উদ্ধার, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, মাঠে না এলে মানুষের প্রকৃত দুর্ভোগ উপলব্ধি করা সম্ভব নয়। সাম্প্রতিক বন্যা, পাহাড়ধস ও অন্যান্য দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। সফর শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়েও অবগত হন।