শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী বাজারে পর্যাপ্ত ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আর এই অব্যবস্থাপনার সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে উঠেছে স্থানীয় দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সেতারা রব্বানী বালিকা উচ্চ বিদ্যালয় ও সীমাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাজারের বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো বিকল্প পথ না থাকায় তা সরাসরি এসে জমা হচ্ছে এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে। ফলে সামান্য বৃষ্টি হলেই মাঠ দুটি দীর্ঘ সময়ের জন্য পানিতে তলিয়ে থাকছে এবং পরবর্তীতে কাদার সাগরে পরিণত হচ্ছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রমঃ
সরেজমিনে ও স্থানীয়দের অভিযোগে জানা যায়, সীমাবাড়ী বাজারে কোনো সুপরিকল্পিত ড্রেন না থাকায় বৃষ্টির পানি নামার কোনো সুযোগ নেই। বাজারের অধিকাংশ নোংরা ও ময়লাযুক্ত পানি এসে জমা হয় বিদ্যালয়ের মাঠে। দীর্ঘদিন পানি জমে থাকায় মাঠের ঘাস ও মাটি পচে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে, যা কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে।
দুর্ঘটনার ঝুঁকিতে শিক্ষার্থীরাঃ
স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানান, শিক্ষার্থীরা প্রতিদিন বাধ্য হয়ে এই নোংরা ও কাদাময় পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। অনেক সময় প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা কাদার মধ্যে পিছলে পড়ে গিয়ে আহত হচ্ছে এবং তাদের বই-খাতা ও পোশাক নষ্ট হয়ে যাচ্ছে। এই চরম দুর্ভোগের কারণে অনেক অভিভাবক বৃষ্টির দিনে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতেও ভয় পাচ্ছেন।
দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিঃ
বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও এলাকাবাসীর দাবি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং সীমাবাড়ী বাজারের দীর্ঘদিনের এই দুর্ভোগের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। জরুরি ভিত্তিতে বাজারে একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের নালা নির্মাণ করা না হলে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে।