আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ, সংরক্ষণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মমুখী ট্রেড ও কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। অভিবাসন ব্যয় কমানো, দালালচক্রের প্রতারণা রোধ এবং বিদেশগামী কর্মীদের দ্রুত প্রেরণের লক্ষ্যে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইইপি) চালু করা হয়েছে।
তিনি জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ভর্তি, প্রশিক্ষণ পর্যবেক্ষণ, সনদ প্রদান, বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইং থেকে ডিমান্ড লেটার ও ভিসা যাচাই এবং বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যুর মতো কার্যক্রম ডিজিটালভাবে সম্পন্ন হচ্ছে। এতে অভিবাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেছে।
মন্ত্রী আরও বলেন, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ) বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে। পাশাপাশি অভিবাসন-সংক্রান্ত কার্যক্রম তদারকিতে জেলা ও উপজেলা পর্যায়ে অভিবাসন সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।