বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে চীনের সহযোগিতা কামনা করেন ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।
আলোচনায় বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায়। উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি), বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট নিরসনে চীনের কার্যকর ভূমিকা কামনা করেন। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।