জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবমাননা ও ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর জনসংযোগ কর্মকর্তা জিনাত জোয়ার্দার রিপাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আচরণবিধি ও শৃঙ্খলা বিধি লঙ্ঘন, রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে শূন্য সহনশীলতা নীতি ভঙ্গ এবং জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননার অভিযোগে তাকে ৫ জুলাই ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিট থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কার্যক্রম, শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
এতে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অবস্থান করতে হবে এবং অবিলম্বে দাপ্তরিক নথি, চাবি ও বিশ্ববিদ্যালয়ের সম্পদ রেজিস্ট্রার অফিসে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে একই অভিযোগে তার অপসারণ ও শাস্তির দাবিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগরে বিইউবিটির প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, জনসংযোগ কর্মকর্তা তার সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই-আগস্টের ঘটনাকে ব্যঙ্গ করে পোস্ট দেন। তারা আরও দাবি করেন, শহীদদের প্রতি অবমাননাকর কোনো আচরণ মেনে নেওয়া হবে না।
অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিনাত জোয়ার্দার রিপা বলেন, তিনি বর্তমানে ছুটিতে আছেন এবং এ বিষয়ে তিনি অবগত নন।