দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, চলমান ও নতুন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিল্পখাতের বিস্তার আরও ত্বরান্বিত করা প্রয়োজন।
রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের পরিধি ও অংশগ্রহণ বাড়লে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি আয় বৈষম্যও হ্রাস পাবে।
তিনি আরও বলেন, বিসিকের চলমান ও নতুন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের জন্য আগামী সাত দিনের মধ্যে সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক প্রস্তাবনা জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, বর্তমানে দেশের জিডিপিতে বিসিকের অবদান প্রায় ৩৪ শতাংশ। ভবিষ্যতে এটি ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এ সময় তিনি সারা দেশে অব্যবহৃত বিসিক শিল্প প্লটগুলো দ্রুত যোগ্য উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বরাদ্দ পাওয়ার পর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা প্লটগুলোর বরাদ্দ বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।