জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৯ জুন) রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেন, ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার পিছিয়ে গেছে। সংবিধান সংস্কারসহ গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়ন না হওয়ায় জাতীয় ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।
প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি অঙ্কন, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ, দোয়া মাহফিল, ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ। এসব কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ৫ আগস্ট রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।