দেশে বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতির উন্নতি হলেও চাহিদার তুলনায় ঘাটতি থাকায় কিছু এলাকায় লোডশেডিং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট, আর উৎপাদন হচ্ছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। ফলে ৩৩৯ মেগাওয়াটের ঘাটতি রয়েছে।
মন্ত্রী বলেন, কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দুটি বিদ্যুৎকেন্দ্র সোমবার থেকে আবার উৎপাদনে ফিরেছে। এর ফলে আগের দিনের তুলনায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
তিনি বলেন, “গতকাল পরিস্থিতি খারাপ ছিল, আজ সেখান থেকে উত্তরণ করতে পেরেছি। তবে কিছু কিছু এলাকায় লোডশেডিং থাকবে। সেটিও যাতে দ্রুত কমিয়ে আনা যায়, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
এর আগে রোববার সংসদে দেওয়া বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছিলেন, দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যায়। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকাতেও লোডশেডিং দিতে হয়েছিল। তবে তিনি ওই দুটি বিদ্যুৎকেন্দ্রের নাম উল্লেখ করেননি।