নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য (বিএনপি) এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক রয়েছে। দুর্বল ব্যাংক টিকিয়ে রাখতে জনগণের অর্থ ব্যয় করতে হচ্ছে, তাই ব্যাংকিং খাতকে আরও কার্যকর করতে ব্যাংকের সংখ্যা কমানো উচিত।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, মানুষের ব্যাংকের প্রতি আস্থা কমে যাওয়ায় অনেকে নগদ অর্থ ঘরে রাখছেন। আবার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরাও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। এ পরিস্থিতিতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে এক থেকে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দিলে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।
তিনি প্রস্তাব করেন, যাদের অর্থের বৈধ উৎস নেই তারা ২৫ শতাংশ কর পরিশোধ করে সেই অর্থ বৈধ করতে পারবেন। এতে বাজেট ঘাটতি কমবে, ব্যাংকিং খাতে তারল্য বাড়বে এবং বিনিয়োগ ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে।
অর্থ পাচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে তা সম্ভব হয়নি। তাই অর্থ ফেরানোর চেয়ে দেশে এমন একটি আর্থিক পরিবেশ গড়ে তোলা জরুরি, যেখানে মানুষ নিরাপদ মনে করে নিজের অর্থ দেশেই বিনিয়োগ করবে।
তিনি বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আর্থিক ব্যবস্থার সংস্কারও প্রয়োজন। সিঙ্গাপুর, দুবাই, কানাডা ও থাইল্যান্ডের মতো দেশে এমন পরিবেশ তৈরি হয়েছে, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্থ বিনিয়োগ করে।
বাজেট প্রসঙ্গে মাহবুব উদ্দিন খোকন বলেন, এটি একটি ঘাটতির বাজেট হলেও বিশ্বের অনেক দেশেই এমন বাজেট প্রণয়ন করা হয়। তিনি দাবি করেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে এবং লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্য নিয়েই সরকার এ বাজেট প্রণয়ন করেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিপুলসংখ্যক বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত না হলে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা কঠিন হবে।