সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতা এখন ঐতিহ্যবাহী গণমাধ্যমের গণ্ডি পেরিয়ে মানুষের তথ্যের প্রধান উৎসে পরিণত হয়েছে। তিনি বলেন, মানুষ এখন অনলাইনের মাধ্যমেই তথ্য গ্রহণ, দেখা ও জানার কাজে সবচেয়ে বেশি সম্পৃক্ত।
শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের অবকাশ হোটেলে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম। সময়ের পরিবর্তনের সঙ্গে তরুণ প্রজন্ম সবচেয়ে দ্রুত খাপ খাইয়ে নিয়েছে।” তিনি আরও বলেন, এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারা সাংবাদিকদের জন্য যেমন সৌভাগ্যের, তেমনি এটি তাদের সক্ষমতারও স্বীকৃতি।
তিনি জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী হলেও সাংবাদিকতা করার সুযোগ না পেলেও সাংবাদিকদের অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি ও পেশাগত নিষ্ঠাকে তিনি গভীরভাবে সম্মান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাজুল ইসলাম রুমেলসহ বিভিন্ন গণমাধ্যম ও প্রযুক্তি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং পারিবারিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পরিবারের সদস্যদের জন্য উপহার ও সম্মাননা প্রদান করা হয়।