ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন কামাল উদ্দিন (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) এবং তাদের ছয় বছর বয়সী কন্যা আলিসিয়া।
এ ঘটনায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন দম্পতির ১৮ বছর বয়সী ছেলে অনিয়ন। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনসা (এএনএসএ) ও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালিতে বসবাস করছিলেন।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।