সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) “এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ” নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে তার সঙ্গে ইট সংযুক্ত করে নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে নিচে নদীতে নিক্ষেপ করছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নরসিংদী জেলা পুলিশের নজরে আসে। পরে নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে দেখা যাওয়া অভিযুক্ত মোহাম্মদ আলী (২৫)-কে গ্রেপ্তার করে। তিনি নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার বাসিন্দা।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।