মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামে ৪০ দিন ধারাবাহিকভাবে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৩১ জন শিশু-কিশোর পুরস্কার হিসেবে বাইসাইকেল পেয়েছে। এছাড়া একই শর্ত পূরণকারী আরও ২৬ জনকে প্রেসার কুকার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মারিয়ালয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় মারিয়ালয় গ্রামের তিনটি জামে মসজিদ এবং পাশের শিমুলিয়া গ্রামের একটি জামে মসজিদসহ মোট চারটি মসজিদ থেকে শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মো. সাখাওয়াত হোসেন শেখ। মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক ও সমাজসেবক আলহাজ বিল্লাল হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজী, ইউপি সদস্য মো. মস্তফা সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নিয়মিত জামায়াতে নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুশৃঙ্খল জীবন গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজীসহ স্থানীয় এলাকাবাসী। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।