বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন বা পুরাতন—যেকোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধেই জামায়াতে ইসলামী অবস্থান নেবে। তিনি বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দল আপসহীন থাকবে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিবেশনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “নতুন-পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ।” তার দাবি, জনগণ রাষ্ট্র পরিচালনায় মৌলিক সংস্কার চাইলেও সরকার তা বাস্তবায়ন করেনি। স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম কমিশন ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর সংস্কার না হওয়ায় ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রণীত জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। এর ফলে মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তার দাবি, হত্যা, ধর্ষণ, রাজনৈতিক সহিংসতা ও অন্যান্য অপরাধ বেড়েছে। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য প্রয়োজন। একই সঙ্গে তিনি বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সুশিক্ষা, নৈতিকতা ও সুশাসনের বিকল্প নেই।
বক্তব্যের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, সরকার জনকল্যাণমূলক উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে। তবে জনগণের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে।