জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার রাষ্ট্রের বিভিন্ন স্তরে দলীয়করণ করছে এবং ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে এগোচ্ছে।
বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সভায় তিনি বলেন, সংসদে বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। সরকারি বরাদ্দের ক্ষেত্রে বিরোধীদলীয় সংসদ সদস্যদের যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না, যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকারের কিছু ভুল ও অপরিণামদর্শী সিদ্ধান্তে দেশের অর্থনীতি সংকটের মুখে পড়েছে। তিনি অভিযোগ করেন, পুনরুদ্ধারের পথে থাকা ইসলামী ব্যাংককে আবারও ‘ফ্যাসিবাদের দোসরদের’ হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।
দেশের বর্তমান পরিস্থিতিকে জটিল আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের পাশাপাশি পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের সহযোগীরা দেশ-বিদেশ থেকে উসকানি দেওয়ার চেষ্টা করতে পারে। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য, সতর্কতা ও সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি।
সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৬ জুন দলের কেন্দ্রীয় মজলিসে শূরার ষাণ্মাসিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।