দেশে নতুন ব্যবসা শুরু করতে বর্তমানে গড়ে ৩৫৫ দিন সময় লাগে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তবে এই দীর্ঘ সময়সীমা কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার।
বুধবার (২৪ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় লাইসেন্স, অনুমোদন এবং যন্ত্রপাতি আমদানির প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার লাইসেন্স ইস্যুর সময়ও উল্লেখযোগ্যভাবে কমানো হবে।
তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যবসা শুরুর জটিলতা দূর করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই প্রশাসনিক প্রক্রিয়া ডিজিটাল ও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় মন্ত্রী জানান, দেশের অর্থনীতির বড় অংশজুড়ে রয়েছে এমএসএমই খাত, যা জাতীয় জিডিপিতে প্রায় ৩৪ শতাংশ অবদান রাখে। বাংলাদেশে প্রায় ১ কোটি ১৭ লাখ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আগামী বাজেটে এমএসএমই খাতের জন্য প্রায় ৭ হাজার ৮০০ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি স্টার্টআপ, নারী উদ্যোক্তা ও ক্রিয়েটিভ ইকোনমির জন্য পৃথক তহবিল গঠন করা হয়েছে।
সরকারের লক্ষ্য দ্রুত ব্যবসা শুরু করার সুযোগ তৈরি করে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা বলে জানান বাণিজ্যমন্ত্রী।