রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার প্রশ্নের লিখিত উত্তর দেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে।
অর্থমন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির জন্য আলাদা কোনো বরাদ্দ না থাকলেও সম্ভাব্যতা সমীক্ষার ব্যয় নির্বাহে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেট থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা সংরক্ষণ করা হয়েছে।
এ ছাড়া প্রকল্পটিকে এডিপির অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় (সবুজ পাতা) অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।
সরকারের মতে, দ্বিতীয় পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পণ্য পরিবহন সহজীকরণ এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্ভাব্যতা সমীক্ষা শেষে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।