মোঃ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি;
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে উল্টে পড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ট্রাকের হেলপার বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের চান্দুরা-আখাউড়া সড়কের মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল (২৫) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কেনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার একটি গুদাম থেকে ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রাকটি চম্পকনগর বাজারের একটি গুদামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মিলন বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি সরিয়ে নিচে চাপা পড়ে থাকা হেলপার রাসেলকে উদ্ধার করা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ সময় ট্রাকের কেবিনে আটকে থাকা আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজয়নগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, “খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। ট্রাকের নিচে চাপা পড়া একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত তিনজনকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
স্থানীয় প্রত্যক্ষদর্শী ফারুক মিয়া জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সিমেন্টবোঝাই ট্রাকটি খালে উল্টে রয়েছে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান।
পুলিশ জানিয়েছে, নিহত রাসেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।