প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও একজন মর্যাদাসম্পন্ন রাষ্ট্রনায়ক হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরছে।
মঙ্গলবার চীনের দালিয়ানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর চীন সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহদী আমিন জানান, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের সঙ্গে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল চীনে পৌঁছেছে। প্রতিনিধিদলে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পর্যায়ের আটজন সদস্য রয়েছেন।
তিনি বলেন, চীন সরকার প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও রাষ্ট্রীয় প্রটোকলের মাধ্যমে স্বাগত জানিয়েছে, যা দুই দেশের সম্পর্কের গুরুত্বের প্রতিফলন।
মাহদী আমিনের ভাষ্য, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় চীন সফরেও তিনি বৈশ্বিক নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী বর্তমানে চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সামার দাভোস ২০২৬ সম্মেলনে অংশ নিচ্ছেন। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ব্যবসায়ী, প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাবিদ এবং করপোরেট নেতারা অংশগ্রহণ করছেন।
মাহদী আমিন বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের অন্যতম লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কার্যক্রমকে আন্তর্জাতিক অংশীদারিত্বের সঙ্গে আরও জোরদার করা। পাশাপাশি ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’—এই বার্তা বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা।