আবু তাহের, জাককানইবি
দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিরোধ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (২২ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্রোহী হলে গিয়ে শেষ হয়।
এসময় তারা ‘লীগ ধর; জেলে ভর’, ‘ছাত্রলীগের ঠিকানা;এই ক্যাম্পাসে হবেনা’, শেখ হাসিনার দালালেরা; হুশিয়ার সাবধান’, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও; শেখ হাসিনার আস্তানা’ সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান। তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে এবং বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।
আমরা লক্ষ্য করছি, বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দল, সরকার ও দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।’
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।