বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, দেশের মাদক ব্যবসার সঙ্গে প্রভাবশালী একটি সিন্ডিকেট জড়িত এবং এর পেছনে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে। সোমবার সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলে অনেক সময় ভিন্নভাবে আখ্যায়িত করা হয়। তিনি দাবি করেন, সিলেটে মাজারকেন্দ্রিক মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণার পরপরই সংশ্লিষ্ট জেলা প্রশাসককে সরিয়ে দেওয়া হয়েছে, যা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বাজেট ও মাদকসংক্রান্ত মন্তব্যেরও সমালোচনা করেন। তার দাবি, একটি ভুয়া তথ্যের ভিত্তিতে মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়। রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল বক্তব্য দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে ছাত্রশিবির ও জামায়াতের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম নৈতিকতা, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক অবক্ষয় রোধে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি ছাত্রশিবিরের স্থানীয় নেতাদের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।