জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ে একটি নতুন সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি জানিয়েছেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানান।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সারজিস আলম লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।” সংক্ষিপ্ত হলেও তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সীমান্তবর্তী জেলা হিসেবে পঞ্চগড়ের কৌশলগত ও নিরাপত্তাগত গুরুত্ব তুলে ধরে অনেকেই এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। পোস্টের মন্তব্যে সাধারণ ব্যবহারকারীরা দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা জোরদারের স্বার্থে পঞ্চগড়ে সেনানিবাস স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ফেসবুক ব্যবহারকারী রবিউল ইসলাম পুলক এ প্রস্তাবকে “গুড আইডিয়া” আখ্যা দিয়ে দেশের নিরাপত্তার জন্য এর গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে মুনতাসির ই জান্নাত এবং মুক্তা খাতুনসহ আরও অনেকে এই দাবিকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেন।
সারজিস আলমের এই আহ্বানের পর পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নতুন ক্যান্টনমেন্ট স্থাপনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।