সাইফুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি দল নয়ামিশ্রিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ হারুন ঘরামী (৩০), পিতা মোঃ মফেজ ঘরামী,মোছাঃ হামিদা বেগম (৪০), স্বামী আলী হোসেন ঘরামী এবং মোছাঃ পারুল বেগম (৪০), স্বামী মোঃ মনির হাওলাদার। তারা সবাই মহিপুর থানার নয়ামিশ্রিপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় আরও দুই মাদক ব্যবসায়ী আলী হোসেন ঘরামী (৪৫), পিতা মৃত রফেজ ঘরামী এবং আমির হোসেন (৪০), পিতা মোঃ মফেজ ঘরামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রয়েছে।