রিপাবলিকান সিনেটরদের তীব্র সমালোচনার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রস্তাবিত প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করেছে মার্কিন প্রশাসন।
মঙ্গলবার (৩ জুন) যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ আইনপ্রণেতাদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আমরা এই তহবিল নিয়ে আর এগোচ্ছি না। বিষয়টি এখানেই শেষ।”
তবে একই শুনানিতে ব্লাঞ্চ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের কর নথিপত্র ভবিষ্যতে অডিট না করার বিষয়ে বিচার বিভাগের সঙ্গে হওয়া পূর্ববর্তী চুক্তি এখনো বহাল রয়েছে।
মূলত ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের একটি মামলার আইনি সমঝোতা থেকে প্রায় ১ দশমিক ৭৭৬ বিলিয়ন ডলারের এই তহবিল গঠনের পরিকল্পনা করা হয়েছিল। সরকারের ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন বলে দাবি করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্দেশ্যেই তহবিলটি গঠনের প্রস্তাব ছিল।
তবে রিপাবলিকান আইনপ্রণেতারা আশঙ্কা প্রকাশ করেন, এই তহবিলের কারণে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিষয়ক গুরুত্বপূর্ণ ৭২ বিলিয়ন ডলারের আইন পাসে জটিলতা তৈরি হতে পারে। এছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের সম্ভাব্য সুবিধা পাওয়া নিয়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
এরপর রিপাবলিকানদের চাপের মুখে হোয়াইট হাউস আইনপ্রণেতাদের আশ্বস্ত করে যে তহবিল থেকে কোনো অর্থ বিতরণ করা হবে না। শেষ পর্যন্ত প্রশাসন তহবিলটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
বিচার বিভাগের মুখপাত্র এমিলি কভিংটন বলেন, অতীতের প্রশাসনিক ভুলের শিকারদের সহায়তা করাই ছিল এই তহবিলের উদ্দেশ্য। তবে বিষয়টি নিয়ে ব্যাপক ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় এ উদ্যোগ থেকে সরে আসা হয়েছে।
শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তহবিল বাতিলের বিষয়ে লিখিত নিশ্চয়তা চাইলে টড ব্লাঞ্চ তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় ডেমোক্র্যাট প্রতিনিধি রোসা দেলরো তার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তুললেও ব্লাঞ্চ তা প্রত্যাখ্যান করেন।
এদিকে ক্যাপিটল দাঙ্গার কয়েকজন আসামির পক্ষে আইনজীবী পিটার টিকটিন বলেছেন, তহবিল বাতিলের ঘোষণায় তার মক্কেলরা হতাশ নন। তাদের বিশ্বাস, ভবিষ্যতে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ এখনো রয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?