পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদের শুভেচ্ছা জানান এবং ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.), হযরত হাজেরা ও হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগের স্মৃতিবিজড়িত ঈদুল আজহা মুসলিম উম্মাহকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু উৎসর্গ করার শিক্ষা দেয়। এই ঈদ মানুষের মধ্যে ত্যাগ, সহমর্মিতা ও আল্লাহভীতির চেতনা জাগ্রত করে।
তিনি আরও বলেন, কুরবানির শিক্ষা সমাজ থেকে বৈষম্য ও শোষণ দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি বিদায় নিলেও এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ তৈরি হয়নি। তার দাবি, এসব শক্তি বিদেশে অবস্থান কিংবা দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানা ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শান্তি ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। একই সঙ্গে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, হযরত ইব্রাহিম (আ.), হযরত হাজেরা ও হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগের আদর্শ অনুসরণ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল ও প্রিয় বস্তু কুরবানি করতে পারলেই সেই ত্যাগ সার্থক হবে।
শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন এবং নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান।