পটুয়াখালীর গলাচিপায় মাসিক আইন-শৃঙ্খলা সভা ও আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ জামান, ওসি (তদন্ত) মো. জিলোন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা সজল দাস, প্রতিমন্ত্রীর প্রতিনিধি মহিবুল্লাহ এনিম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম,
জনস্বাস্থ্য প্রকৌশলী আ. রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগির, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাউম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাব গলাচিপার সভাপতি সাংবাদিক মিল্টন মাহমুদ, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, সরকারি মডেল মসজিদের খতিব মো. দলিল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ জামান আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন। এছাড়া ইউপি চেয়ারম্যান মো. বাবুল মুন্সি, মো. জাহাঙ্গীর হোসেন টুটু, মো. মাসুদসহ অন্যান্য বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন।
আলোচনায় গলাচিপা পৌর টাউনখাল খননকাজের অনিয়ম, চিকনিকান্দী ও পানপট্টি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গরু চুরি, নদীতে অবৈধ জাল দিয়ে পোনা মাছ শিকার, মাদক বিস্তার, কিশোর গ্যাং, ফুটপাত দখল, জাল টাকা সরবরাহ এবং কোরবানির পশুর হাটে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি ঈদুল আযহা উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “রাষ্ট্রের প্রতি দেশপ্রেম ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের সকলের দায়িত্ব।” তিনি আরও বলেন, সন্ধ্যার পর ইউএনও আবাসিক এলাকা ও উপজেলা পরিষদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অযথা ঘোরাফেরা করতে দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এছাড়া আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে, বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতাকর্মীরা প্রস্তুত রয়েছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো আলোকসজ্জা করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন। ১৮ বছরের কম বয়সীদের দিয়ে পশু জবাই না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে তিনি জানান, পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।