আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সেনবাগ থানার পুলিশ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বৈশার বাপের পুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. নিজাম উদ্দিন (২৭)। তিনি ছাতারপাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আম্বর আলী চৌকিদার বাড়ির আমির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক সংক্রান্ত ৯টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন সোমবার (১৮ মে) সেনবাগ থানার পৃথক অভিযানে ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি মজুমদার পাড়া এলাকার হেলাল ব্রিক ফিল্ডের সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ মো. রুবেল (২৭) নামে আরেক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তিনি একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোপাল বাড়ির মৃত আলী আহমদের ছেলে। তার বিরুদ্ধে ১২টি মাদক মামলার তথ্য জানিয়েছিল পুলিশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুর রহিম সরকার গ্রেফতারের বিষয় নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।