চব্বিশের জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মো. জাহাঙ্গীর (৫৪) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে এ মামলায় নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক আবেদন মঞ্জুর করেন এবং আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা গুলি চালান। এসময় মো. জাহাঙ্গীর (৫৪) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান।
ওই ঘটনায় ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
উল্লেখ, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলী থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।