দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রবাসীরা দেশের মানুষের মাঝে মুক্তির আশা জাগিয়ে রেখেছিলেন। রোববার (১৭ মে) স্থানীয় সময় দুপুরে খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের সময় যখন দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তখন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি এ অবদানের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নেও প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চিত্র তুলে ধরতেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতের জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ থাকা উচিত।
এ সময় প্রবাসীরা অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ, দালালদের দৌরাত্ম্য বন্ধ, বিমানবন্দরে হয়রানি রোধ এবং শিক্ষার্থীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর দাবি জানান। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও প্রবাসী নেতারাও উপস্থিত ছিলেন।