কলাপাড়া, প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নদীর তীর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রবিবার (১৭ মে) বিকেল চারটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে রাবনাবাদ নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা রাবনাবাদ নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়। উদ্ধারকালে দেখা যায়, মৃত নারীর শরীর খালি ছিল এবং পরনে একটি লাল রঙের সালোয়ার ছিল। তবে মরদেহটি নদী থেকে ভেসে এসেছে নাকি অন্য কোনো কারণে সেখানে এসেছে, সে বিষয়ে স্থানীয়রা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
খবর পেয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় ওই নারীর নাম-পরিচয় বা মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান
”ঘটনাস্থলে নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। পিবিআই (PBI) এবং সিআইডি (CID) টিম এসে প্রাথমিক তদন্ত সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।”
ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই ওই নারীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে আশা করছে পুলিশ।