জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি কারিনার সাহস, বুদ্ধিমত্তা ও সমাজ-সচেতন উপস্থিতির কথা তুলে ধরেন।
ভারতের ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) মারা যান কারিনা। হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
তাসনিম জারা লেখেন, কারিনার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় না থাকলেও একজন নারী হিসেবে তিনি বুঝতে পারেন, ক্যামেরার সামনে নিজেকে প্রতিষ্ঠিত করতে কত সংগ্রাম করতে হয়। তিনি বলেন, কারিনা নিজের কনটেন্টে সমাজের নারীবিদ্বেষ, শরীর নিয়ে কটূক্তি ও সামাজিক বিচারকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরতেন।
কারিনার অসুস্থতার সময় সামাজিক মাধ্যমে কিছু নেতিবাচক মন্তব্যেরও সমালোচনা করেন তাসনিম জারা। তার ভাষায়, “ঘৃণার চেয়ে কারিনা অনেক বড় ছিলেন।”
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “বিশ্রাম নাও, কারিনা। তোমার কারণে আমরা একটু বেশি সাহসী হওয়ার চেষ্টা করব।”