নেত্রকোনার কলমাকান্দা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সিটিজেন চার্টারে শেখ মুজিবুর রহমানের বাণী দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার বিকেলে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ বিষয়ে অসন্তোষ জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, খারনৈ এলাকায় যাওয়ার পথে হঠাৎ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে প্রবেশ করেন ডেপুটি স্পিকার। সেখানে তিনি সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন এবং কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। এ সময় দেয়ালে টাঙানো সিটিজেন চার্টারে শেখ মুজিবুর রহমানের একটি বাণী তার নজরে আনা হয়।
বিষয়টি দেখে ডেপুটি স্পিকার সাবরেজিস্ট্রারের কাছে ব্যাখ্যা চান। তিনি বলেন, এতদিনেও বিষয়টি কেন নজরে আসেনি। এ সময় সাবরেজিস্ট্রার দুঃখ প্রকাশ করে দ্রুত লেখাটি সরিয়ে ফেলার আশ্বাস দেন।
ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ভিডিওতে ডেপুটি স্পিকারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, এ ধরনের বিষয় উপেক্ষা করা উচিত নয় এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে সাবরেজিস্ট্রার দাবি করেন, তিনি অতিরিক্ত দায়িত্বে থাকায় বিষয়টি তার নজরে আসেনি। পরে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান।