আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। দলীয় সূত্র জানিয়েছে, ইতোমধ্যে দেশের ১২টি সিটির জন্য সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এবারের নির্বাচনী কৌশলে তরুণ নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি।
জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তি যাচাই করতে চায় জামায়াত। এজন্য বিএনপিসহ জোটগত রাজনীতির বাইরে গিয়ে সিটি করপোরেশনগুলোতে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করছে দলটি। দলীয় নেতাদের মতে, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডাকসুর সাবেক ভিপি ও শিবিরের সাবেক নেতা আবু সাদিক, যিনি সাদিক কায়েম নামে পরিচিত, সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। এছাড়া ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, চট্টগ্রামে শামসুজ্জামান হেলালী, রংপুরে এ টি এম আজম খান এবং নারায়ণগঞ্জে আবদুল জব্বারের নামও আলোচনায় রয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা ও পৌরসভা পর্যন্ত অধিকাংশ স্থানে সম্ভাব্য প্রার্থী বাছাই প্রায় শেষ। তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।