এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেছেন, ৩১ দফা সংস্কারের কথা বললেও বিএনপি শেষ পর্যন্ত পুরনো রাজনৈতিক বন্দোবস্তেই ফিরে গেছে। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আইনশৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচির আয়োজন করে।
মঞ্জু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপিকে প্রায় ৬ হাজার নেতাকর্মী বহিষ্কার করতে হয়েছে। এরপরও চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস কমেনি, বরং আরও বেড়েছে। তিনি অভিযোগ করেন, আগে প্রশাসন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকলেও এখন তা বিএনপির প্রভাবাধীন হয়ে পড়েছে। শুধু স্লোগানের পরিবর্তন হয়েছে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার কথা থাকলেও বাস্তবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং অর্থনৈতিক চাপও বৃদ্ধি পাচ্ছে। তিন মাসে সরকারের বিপুল ঋণ গ্রহণ ও হাম রোগে শিশু মৃত্যুর ঘটনাও তিনি উল্লেখ করেন।
সমাবেশে এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তারা দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।