নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হান্নান মেম্বারের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হান্নান মেম্বারের বাড়ির সামনে এসে তার নাম ধরে গালাগালি করতে থাকে। এ সময় তিনি বাড়িতে না থাকায় দুর্বৃত্তরা বাড়ির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হুমকি-ধামকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সময় বাড়িতে থাকা হান্নান মেম্বারের বৃদ্ধ মা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার পর হান্নান মেম্বার বিষয়টি সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফোনে জানান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
সেনবাগ থানার উপপরিদর্শক রসুল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা সত্য। ঘটনার সময় ঘরের ভেতরে হান্নান মেম্বারের বৃদ্ধ মা ছিলেন এবং তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। কয়েকজন দুর্বৃত্ত হান্নান মেম্বারের নাম ধরে অশালীন ভাষায় গালাগালি করে ডাকাডাকি করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে হান্নান মেম্বার বলেন, রাত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে থানায় যেতে পারেননি। থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।