আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, কোনো যাত্রী নৌকা বা স্পিডবোট ব্যবহার করে নদীর মাঝখান থেকে লঞ্চে উঠতে পারবে না।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, গত ঈদে ঘটে যাওয়া কয়েকটি নৌ দুর্ঘটনার পর তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে যাত্রীরা শুধুমাত্র টার্মিনাল পন্টুন ব্যবহার করে লঞ্চে উঠতে পারবেন। এছাড়া ফেরিতে গাড়ি ওঠানোর আগে যাত্রী নামিয়ে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ঈদযাত্রা নিরাপদ করতে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের আগে ও পরে মোট ১০ দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে এবং রাতের বেলায় স্পিডবোট চলাচলও নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার সীমিত করা হবে।
সদরঘাটে যাত্রীসেবা বাড়াতে ট্রলি ও হুইলচেয়ারের ব্যবস্থা করা হবে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারির কথাও জানান মন্ত্রী। সরকারের এসব উদ্যোগে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।