পুলিশ বাহিনীর দুর্নীতির পেছনে শুধু ব্যক্তিগত দায় নয়, বরং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও বাজেট সংকটও বড় কারণ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, পুলিশকে ‘ম্যানেজ’ করে চলার সংস্কৃতি থেকেই মূলত দুর্নীতির জন্ম হয় এবং এই অবস্থা পরিবর্তনে আমূল সংস্কার প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, গুরুতর মামলার তদন্তে সরকারি বরাদ্দ অত্যন্ত কম। খুন বা ডাকাতির মতো বড় মামলায় একজন তদন্ত কর্মকর্তাকে মাত্র ৬ হাজার টাকা দেওয়া হয়, যা দীর্ঘমেয়াদি তদন্ত পরিচালনার জন্য অপ্রতুল। এমনকি হাজার হাজার কোটি টাকার অর্থ পাচার মামলার তদন্তেও বরাদ্দ মাত্র ৩ হাজার টাকা। ফলে অনেক সময় কর্মকর্তারা আর্থিক সংকটে পড়ে অনাকাঙ্ক্ষিত পথে অর্থ সংগ্রহে বাধ্য হন।
এছাড়া পুলিশের কর্মপরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অন্যান্য সরকারি চাকরিতে নির্ধারিত কর্মঘণ্টা থাকলেও পুলিশ সদস্যদের দিনে প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। তিনি দ্রুত ওভারটাইম চালু, মানসম্মত খাবার এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশকে বেআইনি নির্দেশ প্রত্যাখ্যান করার সাহস অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, আইনসম্মত নির্দেশ পালন করলেও কোনোভাবেই অন্যায়ভাবে কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা গ্রহণযোগ্য নয়।