মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ (নিবন্ধন নং- সিল ১৩৬৬/২০২৩) এর যুক্তরাজ্য শাখার নবাগত অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান যুক্তরাজ্যে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি অব লন্ডনের কাউন্সিলম্যান মুনসুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেন বারোর সাবেক মেয়র কাউন্সিলর নাজমা রহমান এবং ব্রিটিশ এম্পায়ার মেডেলিস্ট (BEM) ও বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজিদ হাসান সেলিম।
নবগঠিত কমিটির সভাপতি তোরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মেধা বিকাশ ও নিজ জন্মভূমি সিলেটের গোয়াইনঘাটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ ও আব্দুল মুবিন, সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) রাসেল আহমেদ হৃদয়, এসএইচএ গ্রুপের চেয়ারম্যান ও গ্রিনউইচ ইসলামিক সেন্টারের ডিরেক্টর সানাম মিয়া, কিলবার্ন অ্যান্ড হ্যাম্পস্টেড কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন জুমের, পে-ট্যাপের ডিরেক্টর শাহেদ আহমেদসহ যুক্তরাজ্য শাখার উপদেষ্টা আহসানুল কবির বুলবুল ও ফজলুল হক।
অনুষ্ঠানে তোরাব আলীকে সভাপতি এবং সুজন মিয়াকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪৮ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি তোরাব আলী তার বক্তব্যে বলেন, “২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রবাসে গোয়াইনঘাটবাসীর ঐক্য ও আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নৈশভোজের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘটে। এসময় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।