ভারতে মুসলমানদের ওপর চলমান নিপীড়ন, উচ্ছেদ অভিযান ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আগামীকাল রাজধানীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)। শনিবার (৯ মে) দুপুরে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আমীর মাওলানা মামুনুল হক।
তিনি পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদসহ বিভিন্ন এলাকায় মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ ও ঈদগাহে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে আসামের বিভিন্ন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও বসতবাড়ি ধ্বংসের ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন।
মাওলানা মামুনুল হক বলেন, সংখ্যালঘু মুসলমানদের জানমাল, ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে ভারতের হিন্দুত্ববাদী সরকার ও প্রশাসনের ভূমিকা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে জাতিসংঘ, ওআইসি, মুসলিম বিশ্ব এবং বাংলাদেশ সরকারের প্রতি কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান তিনি।
বৈঠকে মধ্যপ্রাচ্যের গাজা, লেবানন, ইয়েমেন ও ইরান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, চলমান সামরিক উত্তেজনা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত ও মসজিদুল আকসার মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।