দেশে ধারাবাহিকভাবে ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, গত দেড় বছরে দেশ কার্যত ‘মবের শহর’-এ পরিণত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল–এর সভাপতিত্বে নোটিশ উত্থাপন করে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা উল্লেখ করেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি—কোথাও নিরাপত্তা নিশ্চিত নয়। আদালত প্রাঙ্গণ, লইয়ার্স রুম এমনকি সংবাদমাধ্যমের কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে বলে তিনি তুলে ধরেন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় সন্দেহভাজন ব্যক্তিদের পিটিয়ে হত্যার মতো নৃশংস ঘটনাগুলো সমাজের অবক্ষয়ের প্রতিচ্ছবি। এসব ঘটনায় বিচার না হওয়ায় মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ববর্তী আশ্বাসের সমালোচনা করে তিনি বলেন, মব কালচার বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি। বরং বিচারহীনতার সংস্কৃতি এই প্রবণতাকে আরও উসকে দিচ্ছে।
রুমিন ফারহানা দৃষ্টান্তমূলক শাস্তির অভাবকেই এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করে জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।